নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আফজাল হোসেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পুলক কুমার রায় এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, এ বছর বাগাতিপাড়া উপজেলায় মোট ৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার ৩০টি পূজামণ্ডপের পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।
kalprakash.com/IM