বরিশাল পূর্বাঞ্চলের সকল রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (৪ অক্টোবর) বন্দর থানাধীন সাহেবেরহাটের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, বরিশালের পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে তারা নিয়মিত নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ন্যায্য ভাড়া না নেওয়া, শিক্ষার্থী দেখলে বাস না থামানো, বাসে ওঠার পর অশোভন আচরণ ও অপমান-অপদস্থ করার অভিযোগও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হুমকি ও গায়ে হাত তোলার মতো অভিযোগও তারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন।
এসব সমস্যা সমাধানে এর আগে গত ২০ সেপ্টেম্বর বরিশালের জেলা প্রশাসক, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিএ বরিশাল সার্কেল ও চরকাউয়া বাস-মিনিবাস মালিক সমিতি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে এবং ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে।
২. শিক্ষার্থী দেখলে বাস না থামানোর প্রবণতা বন্ধ করতে হবে।
৩. শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানি বন্ধ করতে হবে।
৪. শিক্ষার্থী ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় সভার ব্যবস্থা করতে হবে।
৫. বিআরটিএ ও পুলিশ প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে ভাড়া নৈরাজ্য বন্ধ করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভরশীল। ফলে পরিবহন সেবায় অনিয়ম ও হয়রানির কারণে তাদের স্বাভাবিক যাতায়াত ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থী তার পরিচয়ের কারণে গণপরিবহনে কোনো ধরনের হয়রানি, বৈষম্য বা অসম্মানজনক আচরণের শিকার হওয়া উচিত নয়। তাদের ন্যায্য অধিকার ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ সময় শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের আল্টিমেটাম দেন। তারা বলেন, এই সময়ের মধ্যে পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে বরিশাল পূর্বাঞ্চলের সকল রুট অবরোধ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দ্রুত শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর, গণপরিবহনে হয়রানি বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান।