ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে পাঁচ দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার বোট থেকে আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে কোকিলমনি এলাকা থেকে গভীর সমুদ্রে যায় বোটটি। সমুদ্রে পৌঁছানোর পর হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে বোটটি।
ইঞ্জিন বিকল হওয়ার পর জেলেরা তীরে থাকা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রায় পাঁচ দিন পর ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এ সময় এক জেলে বোটের মালিককে ফোন করে তাদের অবস্থান ও বিপদের কথা জানান। পরে মালিকপক্ষ বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করে এবং উদ্ধারে সহযোগিতা চায়।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে বিকল হয়ে থাকা বোটটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বোটে থাকা আট জেলেকে নিরাপদে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়। বর্তমানে উদ্ধার করা বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা তাদের নিয়মিত দায়িত্বের অংশ। এ ধরনের পরিস্থিতিতে জেলেদের দ্রুত সহায়তা দিতে কোস্ট গার্ডের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।