রাজশাহীর বাগমারার এক ভ্যানচালক বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ফারুক বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী ছিলেন এবং নিজের চার্জার ভ্যানে করে এলাকা থেকে মাছ কিনে বিভিন্ন হাটে বিক্রি করতেন। নিহত ফারুকের ৫ বছর বয়সী এক পুত্রসন্তান, স্ত্রী ও বৃদ্ধ মা রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঁদুর পানিয়া শ্মশানঘাটির সামনে।
নিহত ফারুক সাবাইহাটে মাছ বিক্রি করে নিজ বাড়িতে ফেরার পথে একটি অজ্ঞাত বাস পেছন দিক থেকে তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মরদেহের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
অন্যদিকে একই দিন পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের কার্যালয়ে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে অপর একটি বাস তাঁকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এসআই আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM