ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম আবারও চালু করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। এই পাইপলাইন দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল থেকে তেল রপ্তানি শুরু হতে পারে।
সৌদি আরব তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তেল সরবরাহ করে এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে। এরপর লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে এই তেল বহির্বিশ্বে, বিশেষ করে এশিয়ার বাজারগুলোতে রপ্তানি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাইপলাইনটি দিয়ে বর্তমানে ধীরগতিতে তেল পাম্প করা হচ্ছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর এই পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইরাকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। এরপর নিরাপত্তাজনিত কারণে পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি আরব।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার কারণে গত মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এর ফলে উপসাগরীয় অন্যান্য আরব দেশের তেল রপ্তানিতে বিঘ্ন ঘটলেও, সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে নিজেদের রপ্তানি অনেকটাই স্বাভাবিক রেখেছিল। এরই মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে হামলার এই ঘটনা ঘটে।
হামলার পর সৌদি আরব আবারও হরমুজ প্রণালি দিয়ে তাদের রপ্তানি বাড়িয়ে দেয়।
এর মধ্যে গত সপ্তাহে সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে সাতটি সুপারট্যাংকারে তেল লোড করে, যেগুলোর মোট ধারণক্ষমতা ১৪ মিলিয়ন ব্যারল।
সূত্র: দ্য ন্যাশনাল
kalprakash.com/IM