পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন এবং এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় তিনি বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাঁকে অনেক দূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কাপশন: ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
kalprakash.com/IM