সরকারের ঘোষিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ে ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এর প্রাথমিক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সম্পন্ন করবে কমিশন।
নির্বাচনী আইন সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী আইনে নতুন কোনো পরিবর্তন বা সংস্কার না এলে বর্তমান ও বিদ্যমান আইনের ওপর ভিত্তি করেই ভোট পরিচালনা নিশ্চিত করা হবে। এতে নির্ধারিত সময়ে ভোটগ্রহণে কোনো ধরনের আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।
kalprakash.com/IM