দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর প্রান্ত থেকে সরাসরি যুক্ত হন জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সর্বস্তরের মানুষ।
ভিডিও কনফারেন্সের উদ্বোধন পর্ব শেষে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনাসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী এবং সিভিল সার্জন। এ ছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার পিরোজপুর জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ এবং পথসভার মতো নানা প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা সরকারের ওপর নির্ভর করে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। ডেঙ্গুমুক্ত জেলা ও সুস্থ সমাজ গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা এবং নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে সম্মিলিত সামাজিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
kalprakash.com/IM