উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’ থেকে ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরে বিকল হওয়া ট্রলারটিকেও টেনে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর সমুদ্রে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের মধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তাল সাগরের মাঝে চরম বিপাকে পড়েন ট্রলারে থাকা ১২ জেলে।
খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’ তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নামে। রাডারের মাধ্যমে সাগরে বিপদগ্রস্ত ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। রাতের অন্ধকার, উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পরপরই জেলেদের জরুরি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। পাশাপাশি ট্রলারে থাকা আহত এক জেলেকে নৌবাহিনীর মেডিকেল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।
উদ্ধার অভিযান শেষে ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে এনে সুন্দরবন সংলগ্ন দুবলার চরের বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্টের কাছে নিয়ে আসা হয়। পরে ট্রলারটি সেখানে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর এই দ্রুত ও সাহসী অভিযানের ফলে গভীর সমুদ্রে জীবনঝুঁকিতে থাকা ১২ জেলে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোতে সচল ও কার্যকর ইঞ্জিন, জরুরি যোগাযোগ সরঞ্জাম এবং প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা ও ঝুঁকির মাত্রা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
kalprakash.com/IM