রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মায়ের কোল থেকে এক শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বোরখা পরা এক নারীর বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শিশুটির মা তাকে কোলে নিয়ে লোহার ব্রিজ এলাকা দিয়ে মাদবর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বোরখা পরা এক নারী তাদের পথরোধ করে কোথায় যাচ্ছেন জানতে চান। শিশুটির মা মাদবর বাজার যাওয়ার কথা জানান।
এরপর ওই নারী শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে নেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার প্রায় দুই মিনিট পর শিশুটির মা অচেতন হয়ে পড়ে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সময় শিশুটির সঙ্গে থাকা তার তিন বছর বয়সী বড় ভাই ঘটনাটি দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের কাছে সে জানায়, মায়ের কোল থেকে ওই নারী শিশুটিকে নিয়ে গেছেন। এরপর থেকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শিশুটির পেটে অপারেশনের দাগ রয়েছে। শিশুটিকে কোথাও দেখা গেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: ০১৯১৫৬৮৫৫১১
শিশুটির সন্ধান ও উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।