রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে লেকের অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু হয়েছে। বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, অতিরিক্ত পানি বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বাড়িঘর প্লাবিত হচ্ছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁধের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। নির্ধারিত ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সম্ভাব্য দুর্যোগ ও অতিরিক্ত পানির চাপ এড়াতে কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
এদিকে জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে লেকের আশপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।