ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার সকালে নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে পুতিনকে বহনকারী বিমান। সেখানে ভারতের পক্ষ থেকে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
ভারতের ২০২৬ সালের ব্রিকস সভাপতিত্বের অধীনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের শীর্ষ সম্মেলন। সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, প্রযুক্তি, দুর্যোগ মোকাবিলা এবং বৈশ্বিক শাসনব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন। বৈঠকে ভারত-রাশিয়া সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি এবং পারমাণবিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
পুতিনের এই সফরকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।