চলতি নভেম্বর মাসে দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ তুলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, মাসের শুরু থেকেই প্রায় প্রতিদিন একই কায়দায় এসব হামলার ঘটনা ঘটছে।
সোমবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। একই ধরনের হামলা নিয়মিত ঘটায় এর পেছনে ওপরের মহলের নির্দেশনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে নিজের চট্টগ্রামের বাড়িতে হামলার অভিযোগও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি। এই ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিকানার প্রধান অংশীদার।
কয়েকটি হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন ড. ইউনূস। তাঁর দাবি, এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবার পরিচালনা, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন চাহিদা পূরণে ব্যাংকটি তাঁদের গুরুত্বপূর্ণ অবলম্বন।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ নেই। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো ভূমিকা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
এদিকে ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে গ্রামীণ ব্যাংক বলে বিবৃতিতে জানানো হয়েছে।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ড. ইউনূস। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।