দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা শেষে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে সংশোধিত দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন মূল্যতালিকা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা করা হয়েছে।
একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এদিকে স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ৯ ও ৬ সেপ্টেম্বরও দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। ফলে কয়েক দিনের ব্যবধানেই মূল্যবান এই ধাতুটির দাম আবারও কমল।