রাঙামাটি শহরের জজকোর্ট সংলগ্ন আবাসিক হোটেল কসমসের চারতলায় অবস্থিত রুফটপ রেস্টুরেন্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হোটেল কসমসের রুফটপ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর সদস্যদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের সিলিং, কাঠামোর বিভিন্ন অংশ এবং রান্নাঘরের বড় একটি অংশ পুড়ে গেছে। এছাড়া রেস্টুরেন্টের এসি, ফ্রিজ, কম্পিউটার ও আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হোটেল কসমস ও রুফটপ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এ কে এম সালাহউদ্দীন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান বলেন, ‘ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় মোট ২৯টি কক্ষ নিয়ে আবাসিক হোটেল পরিচালিত হয়। অগ্নিকাণ্ডের সময় হোটেলে অবস্থানরত অতিথিরা নিরাপদে থাকায় কেউ হতাহত হননি। বর্তমানে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
kalprakash.com/IM