প্রথমবারের মতো দেশের আটটি বিভাগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল বিভাগকে যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম কার্যকর হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশাল বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাবটি বিবেচনা ও নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও যাতায়াত সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্বিতীয় সভায় বরিশালকেও পরীক্ষার কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের দীর্ঘ দূরত্বের ভ্রমণক্লান্তি ও ভোগান্তি কমানোর পাশাপাশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ করতে বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল যুক্ত হওয়ায় এবার দেশের আটটি বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী—আগামী বছরের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণের প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।
kalprakash.com/IM