আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি চার্টার্ড বিমান নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানির মামলা করেছে ভারতীয় বিমান পরিবহন সংস্থা ‘ডিউনস অ্যাভিয়েশন’।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস অ্যাভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ চার্টার্ড বিমানে ভ্রমণ করেন নোরা ফাতেহি। সফরের সময় তিনি বিমানের ভেতরের কিছু দৃশ্য ধারণ করে পরবর্তীতে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই পোস্টে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।
এ ঘটনায় চলতি বছরের এপ্রিলে মামলাটি দায়ের করা হয়। মামলায় বিমান সংস্থাটি দাবি করেছে, অভিনেত্রীর দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। কোনো কারিগরি জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই সামাজিক মাধ্যমে এমন অবমাননাকর মন্তব্য করায় তাদের চার্টার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং একাধিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল হয়েছে।
ডিউনস অ্যাভিয়েশন জানায়, অভিনেত্রীর সফরের জন্য বিমানটি সম্পূর্ণ মানসম্মত ছিল। বিমানটি ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কর্তৃক ওড়ার উপযোগী হিসেবে অনুমোদিত এবং শতভাগ আকাশ নিরাপত্তা আইন মেনে পরিচালিত হচ্ছিল।
সংস্থাটি আদালতে আবেদন জানিয়েছে, ব্যবসায়িক সুনাম ও আর্থিক ক্ষতির কারণে নোরা ফাতেহিকে ৩ কোটি রুপির ক্ষতিপূরণ প্রদান করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতর্কিত ভিডিও ও যাবতীয় মন্তব্য দ্রুত মুছে ফেলে সঠিক তথ্য জানিয়ে প্রকাশ্য বিবৃতি দিতে হবে।
তবে এ মামলার বিষয়ে এখনো বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি কিংবা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
kalprakash.com/IM