প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিও তৈরির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এতে সাধারণ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানও নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভিডিওতে ধারণ করা মুখের অবয়বের সঙ্গে অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির মিল পরীক্ষা করে ব্যবহারকারী প্রকৃত ব্যক্তি কি না, তা যাচাই করবে মেটা।
কীভাবে পাবেন ভেরিফায়েড ব্যাজ
নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজস্ব সেলফি ভিডিও ধারণ করে পরিচয় নিশ্চিত করতে হবে। সফলভাবে যাচাই সম্পন্ন হলে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
মেটা জানিয়েছে, এই ব্যাজের মাধ্যমে মূলত নিশ্চিত করা হবে যে প্রোফাইলটি একজন প্রকৃত মানুষের দ্বারা পরিচালিত। তবে এটি মেটার প্রচলিত পেইড সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’ থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হচ্ছে।
কারা পাবেন এই ব্যাজ
ভেরিফায়েড ব্যাজ পাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীকে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
-
বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
-
ফেসবুক অ্যাকাউন্টটি প্ল্যাটফর্মটির ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ বা ব্যবহারের নীতিমালা মেনে চলতে হবে।
-
অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় কিংবা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না।
-
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে এই ভেরিফায়েড ব্যাজটি ফেসবুকের বিভিন্ন অংশে দৃশ্যমান হবে; যার মধ্যে রয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং।
kalprakash.com/IM