নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদক সেবন, অবৈধ মাছ শিকার ও শব্দদূষণ রোধে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। টানা ছয় ঘণ্টার এ অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অবৈধ শিকার ও শব্দদূষণের অপরাধে তিনজনকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৩টা পর্যন্ত হালতি বিলের বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের অপরাধে সিংড়া উপজেলার বারোইহাটি গ্রামের মো. সেলিম (৪০) ও মো. সেন্টু প্রামাণিককে (৩০) ১০ দিন করে এবং একই এলাকার মো. মিল্লাত (১৯), মো. রাকিব হোসেন (২৫) ও মো. স্বাধীনকে (১৯) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড়বারইহাটি গ্রামের মো. মহসিনকে (৬০) ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার আওতায় উচ্চ শব্দ সৃষ্টির অপরাধে নগরমাঝগ্রাম গ্রামের মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষা, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং শব্দদূষণ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
kalprakash.com/IM