গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, কার্যকর ও জবাবদিহিমূলক বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি স্কোর কার্ড’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় পরিচালিত ‘এক্সপান্ডিং সিভিক স্পেস থ্রু অ্যাক্টিভ সিএসও পার্টিসিপেশন অ্যান্ড স্ট্রেনদেনড গভর্ন্যান্স সিস্টেম ইন বাংলাদেশ’ (ইসিএসএপি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. ফাহিমা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অর্পা’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. ওয়াহেদুজ্জামান এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান। এ সময় ইউনিয়নের কমিউনিটি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
কমিউনিটি স্কোর কার্ড মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণকারীরা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, সেবার মান, জনগণের সম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিচারসেবা প্রাপ্তিতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ নিয়ে দলীয় আলোচনা ও মতামত প্রদান করেন। একই সঙ্গে গ্রাম আদালতের সেবাকে আরও গতিশীল, জনবান্ধব ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তিতে গ্রাম আদালত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। এ ব্যবস্থার শতভাগ সুফল নিশ্চিত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রাপ্তিতে সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করা অপরিহার্য।
পরে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে গ্রাম আদালত ব্যবস্থার সেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ইসিএসএপি (ECSAP) প্রকল্প স্থানীয় পর্যায়ে সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি, নাগরিকদের কণ্ঠস্বর শক্তিশালী করা এবং তৃণমূলের শাসনব্যবস্থায় সুশাসন ও জবাবদিহিমূলক সেবাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
kalprakash.com/IM