শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’–এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাকের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় পাবিপ্রবি ক্যাম্পাসে একটি বিশেষায়িত ক্যারিয়ার হাব স্থাপন করা হবে। এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং চাকরি ও ইন্টার্নশিপ প্রাপ্তির ক্ষেত্রে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত স্থান ও লজিস্টিক সহায়তা দেবে এবং ব্র্যাক এসডিপি হাবের কারিগরি পরিচালনা, প্রশিক্ষিত কাউন্সিলর নিয়োগ, তথ্য ব্যবস্থাপনা ও সেবার মান নিশ্চিত করবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পড়াশোনার পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি ব্র্যাকের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত জব ফেয়ার আয়োজনের পরামর্শ দেন।
পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ক্যারিয়ার হাব শিক্ষার্থীদের জন্য যে সেবাগুলো নিয়ে এসেছে তা অত্যন্ত সময়োপযোগী। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইকোসিস্টেমের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে এই ক্যারিয়ার হাব। এ ছাড়া ব্র্যাক এসডিপির প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক জানান, এই হাব শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশী করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও দিকনির্দেশনা দেবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM