বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ফোরামের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম ছাদিক বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাঙ্গনে মুক্ত, নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষকসমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং একাধিকবার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে। যখনই বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই গণতন্ত্রের বিকাশ ঘটেছে এবং জাতি সমৃদ্ধির পথে এগিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের ঐতিহাসিক অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
kalprakash.com/IM