জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নেতৃবৃন্দ ও শিক্ষকসমাজ।
এর আগে রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
গত ২৭ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে—সেই মেয়াদের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার এবং প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে কেউ ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
দীর্ঘ ৩০ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত থাকা প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহন প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সহকারী প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উপাচার্য ও ট্রেজারার পদ শূন্য থাকাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
গবেষণাক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ২০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে তাঁর তত্ত্বাবধানে দুইজন পিএইচডি ও দুইজন এমফিল গবেষক গবেষণারত রয়েছেন এবং তাঁর নির্দেশনায় ২০টির বেশি স্নাতকোত্তর (এমএ) থিসিস সম্পন্ন হয়েছে।
kalprakash.com/IM