যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি পালন করলেই কেবল তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলবে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যেকোনো অযৌক্তিক হুমকির মুখে তেহরানের জবাব দৃঢ় ও অনিবার্য হবে বলেও সতর্ক করেন তিনি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যেকোনো সমঝোতা পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে হওয়া প্রয়োজন। পারস্পরিক সমঝোতা কোনো একতরফা বিষয় নয়; মার্কিন পক্ষ যদি চুক্তি মেনে চলে, তবে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে। তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটনের ভিত্তিহীন হুমকির মুখে তেহরান যুক্তিগ্রাহ্য সতর্কতা বজায় রাখবে, তবে প্রয়োজন হলে দেশ দৃঢ়ভাবে আত্মরক্ষা করবে।
গত ১৮ জুন পাকিস্তানের ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সামরিক সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের তেল রপ্তানি ও জব্দ থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার একটি রূপরেখা তৈরি হয়েছিল।
তবে সম্প্রতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) পাল্টা আঘাতের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও পরে উভয় পক্ষই সংঘাত এড়িয়ে চলার বার্তা দেয়।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চলমান সংকট নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় উভয় দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে। দোহা বৈঠককে সামনে রেখে ইরানের প্রেসিডেন্টের এই বার্তা কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার পাশাপাশি পারস্পরিক দায়িত্বশীলতার ওপর জোর দিচ্ছে।
kalprakash.com/IM