মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৬:৩৭

নারী-শিশু নির্যাতন ও ছিনতাই-চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন

কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫
শেয়ার: mail
নারী-শিশু নির্যাতন ও ছিনতাই-চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় নারী শক্তি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে জাতীয় নারী শক্তির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করছে।

তারা অভিযোগ করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে। পাশাপাশি তরুণদের একটি অংশ মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন বক্তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এমন বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দেশের বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বক্তারা বলেন, তিনি যেন ‘কাঠের চশমা’ পরে দেশের পরিস্থিতি দেখছেন। তাদের ভাষ্য, রাজপথে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র উপলব্ধি করা সম্ভব হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন মৌলিক সেবার সংকটেও সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই-চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ জাতীয় নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নারী-শিশু নির্যাতন ও ছিনতাই-চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী শক্তির মানববন্ধন

বিস্তারিত কমেন্টে