চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈদ্যুতিক মোটর চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে লোকনাথপুর গ্রামের বাসিন্দা কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন শফিকুল। এ সময় মোটর থেকে বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে টিউবওয়েলের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
kalprakash.com/IM