বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাড়ির সামনের পুকুরে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যরা বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। শিশুটির মা রান্নার কাজে নিয়োজিত থাকাকালে শ্রদ্ধা বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির সামনের পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
কিছুক্ষণ পর শ্রদ্ধাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র দুই বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
kalprakash.com/IM