ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তাওহীদ হৃদয়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে লাল-সবুজ শিবির। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত জায়গা হারিয়েছেন। তাঁদের পরিবর্তে আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন একাদশে ঢুকেছেন। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষিক্ত আলিসের ওয়ানডে অভিষেকও হলো আজ।
এদিকে এই ম্যাচে জয় পেলেই ফাইনালে ওঠার আশা টিকে থাকবে বাংলাদেশের। তবে এ জন্য নেট রানরেটের কঠিন হিসাবও সামলাতে হবে তাদের।
জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রানরেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।
অন্যদিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রানরেটে জিম্বাবুয়েকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে +৩.১৬০ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রানরেট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।
আগে ব্যাটিং করায় এই ম্যাচে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। অন্যদিকে রান তাড়া করতে নামলে জয়ের সমীকরণ নির্ভর করবে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যের ওপর। হিসাব অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০ দশমিক ২ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের। ২২০ রানের লক্ষ্য হলে জয় নিশ্চিত করতে হবে ৪০ দশমিক ৫ ওভারে, ২৪০ রানের লক্ষ্য পেলে ৪১ দশমিক ১ ওভারে এবং ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১ দশমিক ৩ ওভারের মধ্যে।
এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য পেলে ৪১ দশমিক ৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১ দশমিক ৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য পেলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২ দশমিক ২ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, বিলাল সামি, এএম গাজানফার।
kalprakash.com/IM