নেপালের বন্যাকবলিত বিদুর এলাকায় মাটির নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ সুপার বিপিন রেগমি এ তথ্য নিশ্চিত করে জানান, ওই স্থানে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।
বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে একটি শিশুর এবং বাকি ২৩টি প্রাপ্তবয়স্কদের। তিনি জানান, উদ্ধার হওয়া ২৪টি মরদেহের মধ্যে ছয়টি হেলিকপ্টারযোগে রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। বাকি মরদেহগুলো বর্তমানে স্থানীয় এলাকায় রাখা রয়েছে, যা পরবর্তীতে কাঠমান্ডুতে পাঠানো হবে। একই সঙ্গে আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতেও উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হবে।
এদিকে ভয়াবহ বন্যায় কাদামাটিতে তলিয়ে যাওয়া বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা পড়া শত শত শ্রমিককে উদ্ধারে সোমবার থেকে তৎপরতা জোরদার করেছেন উদ্ধারকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় নিখোঁজদের স্বজনদের উৎকণ্ঠা বাড়ছে।
সাম্প্রতিক এই ভয়াবহ বন্যায় নেপাল ও চীন মিলিয়ে মৃতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে এবং এখনও ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব নেপাল (আইপিপ্যান) জানিয়েছে, দেশটির রাসুয়া ও নুয়াকোট জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তত ৯০০ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের মধ্যে প্রায় ৫০০ জন টানেলের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
kalprakash.com/IM