ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী ‘সঞ্চারী’ নামের ডাবল ডেকার বাসের রুট কুষ্টিয়ায় পরিবর্তনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীরা। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রধান ফটকে তালা দেওয়ায় ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাবল ডেকার ‘সঞ্চারী’ বাসটি ক্যাম্পাস থেকে ঝিনাইদহ রুটে নিয়মিত চলাচল করে আসছিল। সম্প্রতি বাসটির রুট পরিবর্তন করে কুষ্টিয়ামুখী করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসটি আগের মতো ঝিনাইদহ রুটেই বহাল রাখার দাবিতে আজ দুপুরে স্মারকলিপি নিয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে দেখা করতে যান ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির শতাধিক শিক্ষার্থী। তবে তাৎক্ষণিক সমাধান না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন আন্দোলনকারীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও পরিবহন প্রশাসকের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘ঝিনাইদহ রুটে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বাসের কিছু আসন ফাঁকা থাকত। অন্যদিকে কুষ্টিয়া রুটে শিক্ষার্থীর চাপ বেশি থাকায় যাতায়াতের সুবিধার্থে বাসটির রুট পরিবর্তন করা হয়েছিল। শিক্ষার্থীরা বাসটি পুনর্বহালের দাবি জানিয়েছে। আপাতত বাসটি আগের মতো ঝিনাইদহ রুটেই চলাচল করবে। পরবর্তীতে উভয় রুটের যাত্রী সংখ্যা যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
kalprakash.com/IM