ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকার জরাজীর্ণ উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা জাতীয় সংসদে তুলে ধরেছেন স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশে এমপি কামরুল হাসান জানান, দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো নাজুক অবস্থায় রয়েছে এবং চিকিৎসক সংকটের কারণে স্থানীয় জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি কেন্দ্রটির জন্য চারতলা পাকা ভবন নির্মাণ, বেহাত হওয়া জমি উদ্ধার করে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানান। পাশাপাশি উপজেলার ৫৩টি কমিউনিটি ক্লিনিকে জনবল সংকট নিরসন এবং ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করার বিষয়েও জোর দেন।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রটি ১৯৬৫ সালে নির্মিত একটি টিনশেড ভবন, যা গত দেড় দশক ধরে কোনো সংস্কার পায়নি। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে এবং আগামী অর্থবছরে কেন্দ্রটিতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
মন্ত্রী আরও জানান, অতীতের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত পিছিয়ে পড়েছে। তবে বর্তমান সরকার সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
স্বাস্থ্যকেন্দ্রটির উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, নতুন স্থাপনার আশ্বাসে তারা আশাবাদী। দ্রুত বাস্তবায়ন হলে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
kalprakash/SS
নিজস্ব প্রতিবেদক 



















