রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২২:৪১

ভবিষ্যতে বিমানের ভাড়া আরও কমানোর চিন্তা সরকারের: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
ভবিষ্যতে বিমানের ভাড়া আরও কমানোর চিন্তা সরকারের: পর্যটনমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমানের নতুন ও বিদ্যমান রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে সামগ্রিক আয় বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হবে। হজযাত্রীদের ভাড়ার প্রসঙ্গে তিনি জানান, হজযাত্রীদের ক্ষেত্রে বিমান শুরুতে প্রায় ২ লাখ টাকা ভাড়া নিত। পরবর্তীতে তা কমিয়ে প্রায় ১ লাখ টাকা করা হয়। গত হজে সর্বোচ্চ ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার টাকা, যা এ বছর ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

আন্তর্জাতিক অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিমানের টিকিটের মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হবে বলেও সংসদে জানান তিনি।

এদিকে অভ্যন্তরীণ রুটে বিশেষ করে উড্ডয়নের শেষ মুহূর্তে অস্বাভাবিক অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের (রাজশাহী-১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বিমানের প্রকৃত ভাড়া প্রায় ৬ হাজার ৪০০ টাকা, ১২ হাজার টাকা নয়। এর সঙ্গে যাত্রীদের প্রায় ১৫ শতাংশ কর ও প্রযোজ্য চার্জ পরিশোধ করতে হয়।

ফ্লাইট ছাড়ার শেষ মুহূর্তে টিকিটের কারসাজি বা কালোবাজারি প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, যাত্রীরা যাতে নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করা হবে। কাউকে অন্যায্য ও বেশি দামে টিকিট কিনতে হবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভবিষ্যতে বিমানের ভাড়া আরও কমানোর চিন্তা সরকারের: পর্যটনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে