সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় আরাউ শহরে একটি রেভ পার্টিতে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে সুইস পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জুরিখ শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পশ্চিমে আরাউ এলাকার একটি ঘোড়দৌড় মাঠে ওই উন্মুক্ত সঙ্গীত পার্টির আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সেখানে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ২২ বছর বয়সী ওই তরুণী।
আহত অন্য পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। আঘাত গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে পুলিশ জানায়, মধ্যরাতে জরুরি সেবা নম্বরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সুইস কর্তৃপক্ষ। ঘটনার রহস্য উদঘাটন ও হামলাকারীকে ধরতে তদন্ত জোরদার করা হয়েছে।
kalprakash.com/IM