ইউরোপিয়ান দলবদলের নাটকীয়তা শেষ হতে যখন মাত্র দুদিন বাকি, ঠিক তখনই আতলেতিকো মাদ্রিদের দলীয় অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে আতলেতিকোর জয়ের পর সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।
অসুস্থতার কারণে কয়েক দিন দলের বাইরে থাকার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আলাদা ট্রেনিং করতে হয়েছিল তাকে। ওয়ান্দা মেট্রোপলিতানোতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর থেকে দলের বাইরে থাকা ‘স্পাইডার’ খ্যাত আলভারেজকে স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ কয়েকটি কঠিন দিন পার করতে হয়েছে। এর আগে শুক্রবার তিনি এককভাবে ফিটনেস সেশন শুরু করেন। বিশেষ পরিকল্পনা অনুযায়ী দুই দিন অনুশীলনের পর রোববার অবশেষে মূল স্কোয়াডের সঙ্গে পূর্ণাঙ্গ সেশনে যোগ দেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
সেভিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলা ফুটবলাররা মূলত রিকভারি সেশনে অংশ নেন, আর সেই সেশনেই বাকিদের সঙ্গে যুক্ত হন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগার পরবর্তী ম্যাচে সান মামেসে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে আতলেতিকো। আলভারেজের ফেরায় সেই প্রস্তুতিতে বাড়তি স্বস্তি ফিরেছে।
এর আগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগে আতলেতিকোর ডিরেক্টর মাতেও আলেমানি পরিস্থিতি পরিষ্কার করে আশ্বস্ত করেছিলেন, পরিকল্পনা একদম স্পষ্ট। হুলিয়ান গত কয়েক দিন ধরে কিছুটা অসুস্থ বোধ করছিলেন। শুক্রবার তিনি এককভাবে অনুশীলন করেছেন। আমরা আশা করছি, তিনি দ্রুত দলের সাথে পুরোপুরি যুক্ত হবেন এবং আগামী লিগ ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন। আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং সবকিছু ঠিকঠাক আছে।
ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ও অনুপস্থিতির পর আলভারেজের প্রত্যাবর্তনকে সহজ করতে ক্লাবের ভেতরে একটি স্বাভাবিক ও শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে আতলেতিকো কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার রাত ১২টায় বন্ধ হচ্ছে দলবদলের চলতি উইন্ডো। টান টান উত্তেজনার মধ্যেও ক্লাবটি নিজেদের পরিকল্পনায় অবিচল রয়েছে। আলভারেজও অবগত আছেন যে আপাতত বার্সেলোনায় যাওয়া হচ্ছে না তাঁর। অন্যদিকে আর্সেনাল আগ্রহ দেখালেও এখনই ইংল্যান্ডে ফেরার ভাবনা তাঁর মনে সেভাবে সায় দিচ্ছে না। ফলে কঠিন একটি সপ্তাহ পার করার পর স্কোয়াডে আলভারেজের স্বাচ্ছন্দ্যময় অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এখন পূর্ণ মনোযোগ দিচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
kalprakash.com/IM