রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:১১

তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, নাব্য সংকট ও পানি ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩৭
শেয়ার: mail
তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, নাব্য সংকট ও পানি ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। এ সময় তিনি তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট, আঞ্চলিক পানি ব্যবস্থাপনা ও সেচ প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সেখান থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত প্যারাগন ডেইরি পরিদর্শন করেন তিনি। এরপর তিনি তিস্তা ব্যারেজের উদ্দেশে রওনা হন।

তিস্তা ব্যারেজ পরিদর্শনের সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে নদীর বর্তমান নাব্য অবস্থা, পানি ব্যবস্থাপনা, সেচ প্রকল্পের কার্যক্রম, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটের কারণে কৃষকদের ওপর সৃষ্ট প্রতিকূল প্রভাব সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহা. সরফরাজ বান্দা জানান, তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক পানি ব্যবস্থাপনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।

পরে তিস্তা ব্যারেজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ অবসরে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন তিনি। ব্যারেজের আশপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। তারা সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ছবি তোলেন।

তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে দুপুর ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত এবং সেখানে রাতযাপন করেন।

তিন দিনের এ সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টের চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড় রকস মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শনের কথা রয়েছে।

সফরের তৃতীয় দিন মঙ্গলবার তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ, দিনাজপুরের ঐতিহাসিক কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করবেন। এরপর রেলপথে সৈয়দপুরে গিয়ে রেলওয়ে কারখানা ও জাদুঘর, চিনি মসজিদ এবং সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষে রাতে আকাশপথে ঢাকায় ফিরবেন।

নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, নাব্য সংকট ও পানি ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর

বিস্তারিত কমেন্টে