বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন সদর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-৮।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলায় মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি লাহারহাট ফেরিঘাটের ইজারাদার সাইফুল ইসলাম খানের কাছে মেহেদী হাসান রাসেল দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাসেলের সহযোগীরা ইজারাদার ও তার লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।
ঘটনাটি নিয়ে দলের ভেতরেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে লাহারহাট ফেরিঘাটের ইজারাদার সাইফুল ইসলাম খান বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে বন্দর থানায় মেহেদী হাসান রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মেহেদী হাসান রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। গত ২৫ আগস্ট দেওয়া ওই নোটিশে পেশিশক্তি প্রদর্শন করে ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
পরে ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
kalprakash.com/IM