কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জগন্নাথ ইউনিভার্সিটি এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়, ৪০টি টেক ক্লাব এবং হাজারো প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। প্রযুক্তিপ্রেমী তরুণদের একত্রিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও নতুন ধারণা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে ফেস্টটির আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি।
আয়োজক কমিটির সদস্য ও জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান জানান, ফেস্টে এআই, রোবোটিক্স, ইনোভেশন, প্রজেক্ট শোকেস ও অলিম্পিয়াডের পাশাপাশি রয়েছে টেককেয়ার জোন, ইন্ডাস্ট্রি টক এবং লাইভ পিচ। এসব সেশনে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও), শিল্পখাতের প্রতিনিধি ও মেন্টররা অংশ নিচ্ছেন।
তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তি উৎসব নয়; দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক, টেক ক্লাব ও প্রযুক্তি বিশেষজ্ঞদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপনের পাশাপাশি নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন।
দিনব্যাপী এ আয়োজনে রয়েছে ব্রেন চাইল্ড, এআই অ্যাডভেঞ্চার, এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড এবং রোবোটিক্সপ্রেমীদের জন্য রোবো সকার পার্টিসিপেশন কনটেস্ট। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘টেক আনকাট সেশন’, যেখানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ফেস্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের হোস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির পিআর অ্যান্ড ব্র্যান্ডিং হেড রাকিব শিকদার বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রেমী তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভাকে তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। টেক আনকাট সেশন, ব্রেন চাইল্ড, এআই অ্যাডভেঞ্চার ও রোবো সকারের মতো আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি করে দিয়েছে।
kalprakash.com/IM