ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রাথমিক শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাদান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় রুহিয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন।
সভায় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন কাল প্রকাশকে বলেন, “প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি জাতির মেধা গঠনের মূল ভিত্তি। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। আমাদের মূল লক্ষ্য হলো রুহিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও আধুনিক, শিশুবান্ধব ও আনন্দময় শিখন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভায় উপস্থিত প্রধান শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM