ক্যাম্পাসে বহিরাগত ও মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। মাদক কারবারি ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য দিয়ে সহযোগিতা করলে সাধারণ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ক্যাম্পাসে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে মাদকের সংশ্লিষ্টতায় প্রায় ১৭ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে সাতজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ধরনের আপস করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি ক্যাম্পাসে মাদক কারবারি কিংবা মাদক কেনাবেচায় জড়িতদের শনাক্ত করতে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করেন, তবে তাকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে।
অভিযোগ রয়েছে, রাত হলেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক, ভিসি মাঠ, গ্যারেজ রোড, কেন্দ্রীয় মাঠ ও ইইই অ্যানেক্স বিল্ডিংসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পায়। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব স্থান থেকে মাদকসেবী ও মাদক কারবারে যুক্ত ব্যক্তিদের আটক করে আইনি ব্যবস্থা নিয়েছে।
প্রশাসনের এমন কঠোর উদ্যোগে ক্যাম্পাসে মাদক ও বহিরাগতদের অপতৎপরতা কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
kalprakash.com/IM