বাগেরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে বাগেরহাট সদর মডেল থানাধীন দশানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাহিদুল হাওলাদার (৩০) ও মো. সোহেল (২৪)। জাহিদুল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ধানসাগর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে শহরের পশ্চিম দশানী ধোপাবাড়ির গলিতে বসবাস করেন। অপর গ্রেপ্তার সোহেল বাগেরহাটের হরিণখানা এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে দশানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
kalprakash.com/IM