যশোরের সীমান্তবর্তী বেনাপোলে সুবিধাবঞ্চিত মানুষের চোখের দৃষ্টি সুরক্ষায় দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির (আই ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। এতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা প্রায় ১ হাজার ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিবিরে আগত প্রতিটি রোগীর জন্য মানসম্মত খাবারের সুব্যবস্থা করা হয়।
রোববার (২৩ আগস্ট) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
রোটারী ক্লাব অব যশোরের উদ্যোগে এবং ‘দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন’ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী কর্মসূচির সার্বিক সৌজন্যে ছিলেন রোটারী ক্লাব অব যশোরের সদস্য, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি রোটারিয়ান এ. কে. এম. আতিকুজ্জামান সনি।
দিনব্যাপী এ চিকিৎসা শিবিরে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশন ও লেন্স (IOL) সংযোজনের জন্য রোগী বাছাই ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। সেবা প্রদান করেন খুলনা (শিরোমণি) বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল। চিকিৎসাসেবা দলে ছিলেন ২ জন সহকারী সার্জন, ১ জন ক্যাম্প পরিচালক, ৪ জন সহকারী ক্যাম্প পরিচালক এবং ২ জন চশমা সিলেক্টর অফিসারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী।
আয়োজনের উদ্যোক্তা এ. কে. এম. আতিকুজ্জামান সনি বলেন, ‘আমাদের অঞ্চলে অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, যারা অর্থাভাবে চোখের ছানি অপারেশন করাতে পারেন না। তাদের সেবায় প্রতি বছরই বেনাপোলে এই বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন অব্যাহত রাখা হবে।’
ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই এখানে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করা হবে। এটি কোনো করুণা নয়, রোটারী ইন্টারন্যাশনাল ও সহযোগী সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি সামাজিক প্রয়াস মাত্র।’
শিবিরটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, বন্দরের নিরাপত্তা সদস্য ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানান আয়োজকরা।
kalprakash.com/IM