বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের বিজ্ঞান সম্মেলন। ‘১ম জাতীয় বিজ্ঞান সম্মেলন–২০২৬’ শীর্ষক দিনব্যাপী এ বর্ণাঢ্য সম্মেলনের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব। সম্মেলনে দেশের স্বনামধন্য ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পাশাপাশি ফিলিপাইন, বেলজিয়াম ও পাকিস্তান থেকেও গবেষকরা অংশ নেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন পর্ব বিশ্ববিদ্যালয়ের তিনটি পৃথক ভেন্যুতে একাধিক সেশনে পরিচালিত হয়। এতে সেমিনার, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, মৌখিক উপস্থাপনা ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মৌখিক পর্বে ২৬টি এবং পোস্টার পর্বে আরও ২৬টি গবেষণাপত্র উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামির হোসাইন এবং ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশালের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. আবদুল কাদের আরাফিন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায়, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিজ্ঞান ক্লাবের এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহী করার পাশাপাশি উচ্চশিক্ষায় গবেষণাধর্মী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, ‘বিজ্ঞানচর্চা তখনই সার্থক হয়, যখন তা মানবিকতা ও নৈতিকতার সঙ্গে যুক্ত থাকে। জ্ঞানের পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল বিজ্ঞানী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামির হোসাইন বলেন, ‘গবেষণাধর্মী ও উদ্ভাবনী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ দারুণ ভূমিকা রাখবে।’
সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল ও সাধারণ সম্পাদক আবু নছর মো. ত্বোহা বলেন, তরুণদের গবেষণায় উৎসাহিত করা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী অধিবেশন শেষে গবেষণার মান মূল্যায়নের ভিত্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘সেরা উপস্থাপনা পুরস্কার’ প্রদান করা হয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিজ্ঞান সম্মেলন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
kalprakash.com/IM