যশোরের মণিরামপুর উপজেলার ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢাকুরিয়া খালপাড় এলাকায় স্থানীয় উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত এ সভায় বর্তমান ইউপি সদস্য মো. শরিফুল ইসলামকে পুনরায় নির্বাচিত হিসেবে দেখতে চান বলে মত দিয়েছেন এলাকাবাসী।
মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সাংবাদিক ও ইউপি সদস্য শরিফুল ইসলাম এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মতামত শোনেন।
সভায় স্থানীয় বাসিন্দারা বলেন, শরিফুল ইসলাম জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছেন। বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান, যিনি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখেন। শরিফুল ইসলামের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আগামী নির্বাচনেও তাঁকে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে চান বলে জানান স্থানীয়রা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাস্টার আবু সাঈদ, তোরাব হোসেন, ভবানীপুর গ্রামের মিজানুর রহমান, মজনুর রহমান, ফিরোজ হোসেন, কুদ্দুস হোসেন, আজিজুর রহমান টু, আজিজুর রহমান অন এবং সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আরও ভালো কাজ করা সম্ভব হবে। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সর্বদা নিয়োজিত থাকব।’
kalprakash.com/IM