স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে সংগঠনটি। নির্মাতাদের এই প্ল্যাটফর্মটির সঙ্গে অ্যাসেন কমিউনিকেশন যৌথভাবে আয়োজন করেছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’।
‘This is your shot’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এ উদ্যোগ থেকে বাছাই করা পাঁচটি প্রকল্পকে মোট ২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড প্রদান করবে অ্যাসেন।
উদ্যোগটি প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এই উৎসবের মূল লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ সৃষ্টি করা। দেশে গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন কেবল সুযোগ ও প্রাতিষ্ঠানিক সহায়তা। অ্যাসেনের সঙ্গে মিলে আমরা নতুন কণ্ঠ ও ব্যতিক্রমী গল্প পর্দায় তুলে আনতে চাই।’
আয়োজক সূত্রে জানা গেছে, অ্যাডফা কমিউনিটির নিবন্ধিত ও যোগ্য নির্মাতারা একক বা দলগতভাবে সর্বোচ্চ একটি প্রকল্প জমা দিতে পারবেন। প্রস্তাবিত চলচ্চিত্রটি অবশ্যই ৫ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের ফিকশন হতে হবে। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় যেকোনো ঘরানার গল্প জমা দেওয়া যাবে।
আবেদনের জন্য একটি পিডিএফ (PDF) নথিতে শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১০০০ শব্দের সিনপসিস, ৩০০ শব্দের ডিরেক্টর’স নোট, সম্ভাব্য দৈর্ঘ্য ও আবেদনকারীর পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে। সঙ্গে পূর্ববর্তী কাজের লিংক বা ভিজ্যুয়াল রেফারেন্স যুক্ত করা যাবে। গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি এবং নির্ধারিত বাজেটে বাস্তবায়নের যোগ্যতার ভিত্তিতে বিচারকমণ্ডলী প্রকল্প নির্বাচন করবেন। নির্বাচিত নির্মাতারা ফান্ড ছাড়াও অ্যাডফার মেন্টরশিপের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬।
kalprakash.com/IM