ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাবে যশোরের শার্শা ও বেনাপোলসহ আশপাশের খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় ২০০ টাকা পর্যন্ত কমেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৩০০ টাকা কেজি দরের কাঁচা মরিচ বর্তমানে নেমে এসেছে ১০০ থেকে ১২০ টাকায়, যাতে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০ কার্যদিবসে ভারত থেকে মোট ২৩২ দশমিক ৯২ টন (প্রায় ২৩৩ টন) কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। এর মধ্যে ৩ আগস্ট প্রথম চালানে ৯ দশমিক ২ টন, ৪ আগস্ট ৪২ দশমিক ২২ টন, ৬ আগস্ট ১৪ টন, ৮ আগস্ট ১৫ টন, ৯ আগস্ট ১৪ টন, ১০ আগস্ট ১৪ টন, ১১ আগস্ট ৫৬ টন, ১২ আগস্ট ২৮ টন, ১৩ আগস্ট ২৮ টন এবং সর্বশেষ ১৬ আগস্ট রবিবার ১৩ দশমিক ৫ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে।
সোমবার শার্শা উপজেলার বেনাপোল, নাভারন ও বাগআঁচড়া বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগেও যা বিক্রি হচ্ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। আমদানির পাশাপাশি দেশের বিভিন্ন উৎপাদনকারী অঞ্চল থেকেও বাজারে নতুন কাঁচা মরিচ আসতে শুরু করায় দাম দ্রুত হ্রাস পেয়েছে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচের চালান আসছে। ১০ কার্যদিবসে প্রায় ২৩৩ টন মরিচ ছাড়পত্র পেয়েছে। ওপারে পেট্রাপোল বন্দরে আরও বেশ কিছু মরিচবোঝাই ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব চালান খালাস হলে সরবরাহ আরও বেড়ে গিয়ে দাম আরও কমতে পারে।
kalprakash.com/IM