ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মাদক, প্রসাধনসামগ্রী, বিয়ার ও একটি মোটরসাইকেল।
শনিবার (২৮ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, কসবা ও খাদলা এবং কুমিল্লা জেলার সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানগুলো চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় গরু, মিল্ক রাইস ক্রিম, সাবান, নারকেল তেল, টুথপেস্ট, আমুল কুল, মদ, গাঁজা, বিয়ার ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮১ হাজার ১৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা বজায় রাখা এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।
এ ছাড়া মানব পাচার, নারী ও শিশু পাচার, পুশ-ইন এবং মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। সীমান্ত এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।