শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৮:০৭

এক টানেই ধরা পড়লো ২ হাজারের বেশি ইলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৪৭
শেয়ার: mail
এক টানেই ধরা পড়লো ২ হাজারের বেশি ইলিশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভাগ্য খুলেছে এক জেলের। সাগরে পাতা জালে এক টানেই ধরা পড়েছে ২ হাজার ২০০টি ইলিশ, যার ওজন প্রায় ৪৬ মণ। আড়তে নিয়ে খোলা নিলামে মাছগুলো বিক্রি করে জেলের আয় হয়েছে বিপুল— সাড়ে ৪৮ লাখ টাকা!

এক টানে কপাল বদলানো ওই জেলের নাম আলমগীর মাঝি। তিনি ‘এফবি জুনায়েদ’ নামের একটি ট্রলার নিয়ে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে ১৬ জন জেলেকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার জাল ফেলেন।

পরদিন শুক্রবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য আহরণ কেন্দ্রের ‘মনোয়ারা ফিস’ আড়তে বিশালাকারের এই ইলিশের চালানের বিক্রির খবর ছড়িয়ে পড়লে উৎসুক স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পাইকারদের উপচে পড়া ভিড় জমে।

পরে খোলা ডাকের মাধ্যমে ২৪ মণ বড় আকারের (সাইজ) ইলিশ ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং ২২ মণ মাঝারি আকারের ইলিশ ২০ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়। এতে মাছের মোট বিক্রিমূল্য দাঁড়ায় ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

উচ্ছ্বাস প্রকাশ করে এফবি জুনায়েদ ট্রলারের মাঝি আলমগীর বলেন, “১৬ জন জেলেকে নিয়ে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জাল ফেলি। একবার টান দেওয়ার পরই বিপুল পরিমাণ ২ হাজার ২০০ পিস ইলিশ উঠে আসে। প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেয়েছি। গত কয়েক বছরের লোকসান কাটিয়ে এই মাছ পেয়ে খুব ভালো লাগছে।”

মাছ বিক্রির বিষয়ে মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন জানান, দীর্ঘদিন পর বাজারে এত বড় চালানের ইলিশ এসেছে। বাজারে চাহিদা ও দর দুটোই ভালো থাকায় জেলেরা সম্পূর্ণ ন্যায্য দাম পেয়েছেন।

সাগরে ইলিশের বর্তমান পরিস্থিতি নিয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “কিছুদিন আগেও সাগরে ইলিশের তীব্র খরা ছিল। তবে এখন জেলেদের জালে ভালো পরিমাণে ইলিশ ধরা পড়ছে। এক ট্রিপেই ৪৬ মণ ইলিশ পাওয়ার ঘটনায় উপকূলীয় জেলেদের মনে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। আগামীতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ইলিশ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward