মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই দেশ স্বাধীন হয়েছে। তাঁদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকা এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর (অব.) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান এবং যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির পিরোজপুর জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি 











