টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গোরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত কিশোরের নাম নাঈম ইসলাম (১৭)। সে ওই গ্রামের ওসমান আলী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাঈম সওদাগর বংশের সদস্য ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মধ্যবর্তী একটি কাঁচা রাস্তার পাশেই গোরস্থানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ওই জায়গার মালিকানা নিয়ে সওদাগর বংশের সঙ্গে সিকদার-মন্ডল বংশের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়। এতে নাঈম ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সওদাগর বংশের আহতরা হলেন-মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০)। অন্যদিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তারা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ও মগড়া তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 











