সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৪:৪৮

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রভাবে বেড়েছে অন্যান্য ধাতুর দরও

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০১
শেয়ার: mail
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রভাবে বেড়েছে অন্যান্য ধাতুর দরও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি এবং এর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠককে কেন্দ্র করে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

সোমবার ২৭ জুলাই বাংলাদেশ সময় বেলা ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। পাশাপাশি আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০ দশমিক ৮০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ থাকায় মূল্যবান ধাতুগুলো সপ্তাহের শুরুতেই ভালো অবস্থানে রয়েছে। জ্বালানি তেলের দাম কমেছে এবং মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ড উভয়ই নমনীয় অবস্থায় রয়েছে।

জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায়; ফলে দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার ক্ষেত্র তৈরি হয়। যদিও স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়, তবে এর নির্দিষ্ট কোনো আয় না থাকায় সুদের হার বেশি থাকলে বাজারে চাপ তৈরি হয়।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ১৫ ডলার, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩১ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৮৪ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward